
নিউজ ডেস্কঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের বাগমারা বাজার সংলগ্ন রাজপাড়া সড়কের পাশে বিসমিল্লাহ্ বেডিং স্টোর নামে একটি লেপ-তোষকের দোকানে আগুন লেগে প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোরে এক পথচারী কাজে যাচ্ছিলেন। এসময় বাগমারা বাজার সংলগ্ন বিসমিল্লাহ বেডিং স্টোরের সামনে গেলে দোকানটিতে আগুন দেখে চিৎকার দেন। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ততক্ষণে দোকানটির ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বিসমিল্লাহ্ বেডিং স্টোরের মালিক হাসান মিয়া জানান, সারা বছর টুকটাক ব্যবসা করি শীতের মৌসুমে ভাল ব্যবসা হয়। আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল। আমি নতুন করে আবার কোথায় ব্যবসার জন্য চালান পাবো। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা বলে দাবি করেন তিনি। নবাবগঞ্জ থানার দায়িত্ব কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ভজন রায় জানান, বিষয়টি কেউ থানায় অবহিত করেননি।