News71.com
 Bangladesh
 20 Dec 21, 06:31 PM
 200           
 0
 20 Dec 21, 06:31 PM

তৃতীয়ধাপের নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের দায়ে সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

তৃতীয়ধাপের নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের দায়ে সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

নিউজ ডেস্কঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় মাহাবুব সরকার নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে অভিযুক্ত সাবেক ওই ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১৯ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা সদরের পুরাতন শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহাবুব কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উপ-শিক্ষা গ্রন্থাগার বিষয়ক সম্পাদক ছিলেন। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনার একদিন পর গত ২৯ নভেম্বর ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. আবু তোয়াব বাদী হয়ে অজ্ঞাত সংখ্যক আসামি করে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামি হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব সরকারকে গ্রেফতার করে পুলিশ। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন