News71.com
 Bangladesh
 22 Dec 21, 12:16 PM
 182           
 0
 22 Dec 21, 12:16 PM

সংলাপে না যাওয়া দায়িত্বশীল দলের কাজ না॥ বিএনপিকে কৃষিমন্ত্রী

সংলাপে না যাওয়া দায়িত্বশীল দলের কাজ না॥ বিএনপিকে কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিএনপি বলছে, সংলাপে যাবে না। আমি বিএনপিকে বলবো, সংলাপে অংশগ্রহণ না করা দায়িত্বশীল দলের কাজ না। আপনারা সুনাগরিক হলে, দায়িত্বশীল দল হলে, জনগণের প্রতি দায়বদ্ধ দল হলে সংলাপে অবশ্যই যাবেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবন মিলনায়তনে বিজয়ের ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নিরপেক্ষ মানুষ। নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব তার ওপর। তিনি নির্বাচন কমিশন গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে সংলাপ শুরু করেছেন। আমি আশা করছি নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতিকে গঠনমূলক সুপারিশ দেবে বিএনপি। কৃষিমনন্ত্রী আরও বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা দেশের জন্য সম্মানের নয়। জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের উন্নত দেশসমূহে যেভাবে নির্বাচন হয়, দেশেও সেই প্রচলিত পদ্ধতিতেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন