
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এসএসসি পরীক্ষার্থী মেহেদীকে (১৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী। বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার সেনিহারী গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী।আহতরা হলেন-ঠাকুরগাঁও শহরের পরিষদপাড়া এলাকার জুয়েলের ছেলে আরমান সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও একই এলাকার মিঠুর ছেলে গালিফ সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
আহত আরমানের বাবা জুয়েল বলেন, বুধবার সন্ধ্যার পর আমার ছেলে আরমান, ভাগিনা গাফিল ও প্রতিবেশী মেহেদী বাড়ি থেকে বের হয়ে শহরের বিসিকশিল্প নগরী এলাকার শামীমের হোটেলে চা খাওয়ার জন্য যায়। চা খাওয়া শেষে বাড়িতে ফেরার পথে মোবাইলফোনের লাইট জ্বালিয়ে তারা বাড়িতে ফিরছিল। এ সময় রাস্তায় পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন দুর্বৃত্ত আরমান, মেহেদী ও গালিফকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ওই দুর্বৃত্তরা ধারালো দিয়ে মেহেদীকে কোপাতে থাকে। এ সময় মেহেদীকে বাঁচাতে আমার ছেলে আরমান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।