
নিউজ ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, আশা করছি শিগগিরই উৎপাদন বন্ধ থাকা সরকারি পাটকলগুলো উৎপাদনে ফিরবে। নতুন নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পাটশিল্পের সুদিন ফেরাতে হবে। যেকোনো প্রকারেই হোক ঐতিহ্যবাহী পাটশিল্পকে রক্ষা করতে হবে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের(বিজেএমএ) ৩৮তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রয়োগে কড়াকড়ি আরোপ করতে হবে। পাটশিল্পের উন্নয়নে এই ম্যান্ডেটরি অ্যাক্ট প্রয়োগে মাঠ পর্যায়ে অভিযান জোরদার করতে হবে। পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত পাটশিল্পের উন্নয়নে আমাদের সবাইকে পলিথিনের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে। শ্রম প্রতিমন্ত্রী বলেন, আমাদের পাটজাত পণ্য রপ্তানিতে বন্ধুপ্রতিম দেশ ভারতের অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপের ফলে পাটকলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক মিল ইতোমধ্যে বন্ধও হয়ে গেছে। তাই দেশের বৃহত্তম এবং শ্রমঘন এ শিল্পের উন্নয়নে অ্যান্টি ডাম্পিং ডিউটি প্রত্যাহারে ভারত সরকারের সঙ্গে আলোচনাকে ফলপ্রসু করতে হবে।