
নিউজ ডেস্কঃ নারী পর্যটককে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনাটি ‘সন্দেহজনক’ বলে মন্তব্য করেছেন কক্সবাজার পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে এসপি মো. হাসানুজ্জামান বলেন, ধর্ষণের শিকার নারী গত দুই মাসে তিনবার কক্সবাজার এসেছেন। এর আগেও দুই সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই নারী। তাই বিষয়টি একটু সন্দেহজনক। এদিকে, ধর্ষণের ঘটনায় সদর মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী।
বৃহস্পতিবার রাতে মামলাটি করা হয়। এতে এজাহারভুক্ত আসামি করা হয়েছে চারজনকে। আর অজ্ঞাতনামা আসামি দুই-তিনজন। এজাহারভুক্ত আসামিরা হলেন মো. আশিকুর রহমান, মেহেদি হাসান বাবু, মো. ইসরাফিল ও হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন। এসপি মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। যদিও এর আগে বিকেলে র্যাব-১৫ জানায়, এ ঘটনায় ‘জিয়া গেস্ট ইন’ হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে (৩৩) আটক করা হয়েছে। তিনি অপরাধীদের সহযোগী।