
নিউজ ডেস্কঃ ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহি লঞ্চে আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও মারাত্মক দগ্ধ ৭০জনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে । নিখোঁজদের অনুসন্ধানে কোষ্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করছে। ঘটনার কারন অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রনালয় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক অবস্থা জানতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঝালকাঠীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি দুপুরের মধ্যে সেখানে পৌঁছাবেন। এই মর্মান্তিক লঞ্চ দূর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ প্রকাশ করে এর সঠিক কারন অনুসন্ধানের নির্দেশনা দিয়েছেন।
জানাগেছে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। সকাল ১০টা পর্যন্ত ৩৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন।