
নিউজ ডেস্কঃ 'আজ যেসব শিশু স্কুলে যেতে শুরু করল তারা যখন কর্মজগতে প্রবেশ করবে তখন এই সময়ে যেসব কাজ বর্তমান রয়েছে তার অধিকাংশেরই অস্তিত্ব থাকবে না।তথ্য-প্রযুক্তি নির্ভর সময়ে প্রতিনিয়ত কাজের ধরন পাল্টে যাচ্ছে। প্রত্যেককে সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হবে। তথ্য-প্রযুক্তি নির্ভর দক্ষতাই দিতে পারবে সে পরিবর্তনের সুযোগ'। রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কোডার্সট্রাস্ট বাংলাদেশ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি যেকোনো ধরনের প্রযুক্তিভিত্তিক জ্ঞান একজন মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে। সুতরাং সকলকে এমন শিক্ষা-প্রশিক্ষণ লাভের মনমানসিকতা পোষণ করতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, তারুণ্যের শক্তিই দেশকে আজ সাফল্যের পথে এগিয়ে নিচ্ছে। তরুণদের আরো বেশি আইটি বিষয়ক দক্ষতা অর্জন করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের পথে নারীদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন শিক্ষামন্ত্রী।