
নিউজ ডেস্কঃ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগুন লেগে পুরো লঞ্চ ভস্মিভূত হওয়ার পেছনে কোনো রহস্য থাকতে পারে। এ রকম ঘটনা এর আগে বাংলাদেশে কখনও ঘটেনি। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একজন যুগ্মসচিবকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ৭দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শুক্রবার (২৪ ডিসেম্বর) ক্ষতিগ্রস্ত লঞ্চটি পরিদর্শন কালে এসব কথা বলেন। এ সময় বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোট ৩৯ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড পৃথকভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।