
নিউজ ডেস্কঃ পাবনা সদরের পৌর এলাকার চকছানিয়ানী মহল্লায় বিষাক্ত মদপানে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী ও পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ূশনিবার (২৪ ডিসেম্বর) সকালে পাবনা জেনারেল হাসপাতালে একজন ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। তারা হলেন- শহরের চক ছাতিয়ানির মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে রুবেল (৩২)। এছাড়াও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আব্দুস সালামের ছেলে সবুজ এবং মৃত আলমের ছেলে রতন।
স্থানীরা জানান, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে দেশি মদ কিনে ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় এক সঙ্গে পান করেন। শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হয়। শনিবার সকালে জনি নামে একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথে ও রুবেল রাজশাহী হাসপাতালে মৃত্যু হয়। এ ঘটনায় এখনো আশঙ্কাজনক অবস্থায় সবুজ হোসেন নামে এক যুবক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রতন পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।