
নিউজ ডেস্কঃ চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের ৩ উপজেলার ২১টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে এক হাজার ৩৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্ব স্ব উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট, সিল, প্যাডসহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছেন। রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
২৬ ডিসেম্বর জেলার উলিপুর উপজেলায় ১৩টি, রাজারহাট উপজেলায় ৭টি ও নাগেশ্বরী উপজেলায় ১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪৪ জন, সাধারণ সদস্য পদে ৯শ’ ১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩শ’ ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে ৩ উপজেলায় ২১টি ইউনিয়নে ২শ ১৯টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৬০ হাজার জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।