
নিউজ ডেস্কঃ ‘সেবার দলের প্রার্থী ছিলাম আমি এবার জনগণের প্রার্থী। নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিন ধরে একজন মেয়র খুঁজছিল। জনগণ মনে করে তারা তাদের চাহিদা মোতাবেক একজন প্রার্থী পেয়েছে। আমি জনগণের মেয়র প্রার্থী। অনেকের কাছে অভিযোগ পাওয়া যায়, কন্ট্রাক্টরদের ঠিকাদারির ব্যাবসায় পরিণত হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। ২০১১ সালে দল আমাকে নমিনেশন দেয়। সেবার তিনি (খালেদা জিয়া) আমাকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে সবার চোখের পানি এড়িয়ে বসে যাই’। কথাগুলো বলেছেন নাসিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের বাড়িতে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত উঠান বৈঠক এসব কথা তিনি বলেন। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নারী কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন খোকন, যুবদল নেতা সাগর প্রধান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল হক প্রধান, কৃষক দলের নেতা নুরুল ইসলাম নুরু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ, বিএনপি নেতা আবুল কামাল মেম্বার ও যুবদল নেতা মাহবুব হোসেন প্রমুখ।