News71.com
 Bangladesh
 26 Dec 21, 11:37 AM
 237           
 0
 26 Dec 21, 11:37 AM

চালু হয়েছে ঢাকা নগর পরিবহন॥ সর্বনিম্ন ভাড়া ১০, সর্বোচ্চ ৫৯ টাকা

চালু হয়েছে ঢাকা নগর পরিবহন॥ সর্বনিম্ন ভাড়া ১০, সর্বোচ্চ ৫৯ টাকা

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে রোববার (২৬ ডিসেম্বর) কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চালু হচ্ছে ঢাকা নগর পরিবহনের সবুজ রঙের বাস। এ রুটে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও সর্বোচ্চ ভাড়া ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী রোববার (২৬ ডিসেম্বর) উদ্বোধনের মাধ্যমে বহুল প্রতীক্ষিত ঢাকা নগর পরিবহনের পরীক্ষামূলক যাত্রা শুরু হবে। প্রথমে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার ও ট্রান্স সিলভা পরিবহনের ২০টি বাসসহ মোট ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে এ উদ্যোগে মোট ১০০টি বাস যুক্ত হয়ে পুরোদমে এ কার্যক্রম চালু হবে। এ রুটে রুট পারমিটবিহীন কোনো বাস চলতে দেওয়া হবে না।

আবু নাছের বলেন, ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত যাত্রাপথের মোট দূরত্ব প্রায় সাড়ে ২৭ কিলোমিটার। এ রুটের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, সর্বোচ্চ ভাড়া ৫৯ টাকা এবং প্রতি কিলোমিটার দুই টাকা ১৫ পয়সা হিসেবে ভাড়া নির্ধারণ করা হয়েছে। কেউ যদি এক স্টেশন থেকে উঠে পরের স্টেশনে নামে তাহলে তাকে ১০ টাকা ভাড়া দিতে হবে। আবার এ সর্বনিম্ন ভাড়াতেই সে প্রায় সাড়ে ৪ কিলোমিটারের বেশি পথ যেতে পারবে। যে কোনো যাত্রী ১০ টাকার সমান দূরত্ব অতিক্রম করলে তাকে পরবর্তী দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ২.১৫ টাকা হিসেবে ভাড়া দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন