
নিউজ ডেস্কঃ ব্যালট পেপার ছিনতাইয়ের সময় ঠাকুরগাঁও সদর উপজেলার ২নং আখানগর ইউনিয়নে মেয়েসহ আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ২নং আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হলে ১৫ রাউন্ড ফাঁকা বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এতে হোসেন আলী (৩৫) নামে একজন আহত হয়েছেন। আটক কাবুল (৪৫) স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় আটক করা হয়েছে তার মেয়ে কামরুন নাহারকেও (২৫)। এ ঘটনায় ওই কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে বিজিবি, র্যাব ও প্রশাসন কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা ছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার সব কেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসবমুখরভাবে প্রতি কেন্দ্রে ভোট দিতে আসছেন। সারাদিন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন তারা।