
নিউজ ডেস্কঃ হাসপাতালে ১২ দিন চিকিৎসা নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের। রোববার (২৬ ডিসেম্বর) হাসপতাল থেকে সরাসরি সচিবালয়ে এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দেন তিনি। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমি ১২ দিন হাসপাতালে ছিলাম। হাসপাতাল থেকে রিলিজ পেয়ে আমি বাসায় না গিয়ে সরাসরি এই কর্মসূচিতে যোগ দিয়েছি। আমি এর মধ্য দিয়ে বোঝাতে চাচ্ছি যে, আমি এই কর্মসূচিটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছি। ঢাকা নগর পরিবহনের বাস রুট পাইলটিংয়ের উদ্বোধন করে সেতুমন্ত্রী বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় অনেক উন্নতি আমরা করেছি। সমতল থেকে পাহাড় পর্যন্ত এটা একটা বৈপ্লবিক পরিবর্তন। টার্গেট অনুযায়ী আগামী বছর নির্দিষ্ট সময়ে পদ্মা সেতু উদ্বোধন হবে। উদ্বোধন হবে মেট্রোরেল, বাস র্যাপিট ট্রানজিটসহ বেশ কিছু মেগা প্রকল্প। অবকাঠামো উন্নয়ন ব্যাপক হওয়ার পরও স্বস্তি পাচ্ছি না। আমরা যতই উন্নয়ন করি না কেন সফলতা যাদি জনগণ না পায় তাহলে স্বস্তি থাকে না। তিনি আরও বলেন, আমাদের সমস্যা হচ্ছে সড়কের শৃঙ্খলা। সড়কে শৃঙ্খলা যদি না থাকে তবে যত উন্নয়ন হোক না কেন এর সফলতা আমরা পাবো না। এই চ্যালেঞ্জ যদি আমরা অতিক্রম করতে না পারি তাহলে জনগণ উন্নয়নের সুফল পাবে না। মালিক শ্রমিক যারা আছেন তাদের সকলে সহযোগিতা চাই। তারা যদি সহযোগিতা না করে তবে এই চ্যালেঞ্জ অতিক্রম করা যাবে না।