
নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আরও ছয়টি চ্যানেল চালু করার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) বিটিভির ৫৮ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে বেসরকারি টেলিভিশনগুলো যারা পরিচালনা করছেন এবং প্রথিতযশা যেসব টিভি সাংবাদিক রয়েছেন, তাদের অনেকেরই হাতেখড়ি বাংলাদেশ টেলিভিশনে। তাই বিটিভি হচ্ছে সব টেলিভিশন চ্যানেলের আঁতুড়ঘর।’
তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন ১৯৬৪ সালে যাত্রা শুরু করেছিল। এই উপমহাদেশে তথা সমগ্র বিশ্বে এটি প্রথম বাংলা ভাষার টিভি চ্যানেল। এখন বিটিভির চারটি চ্যানেল সম্প্রচারে আছে এবং আগামী সংসদ নির্বাচনের আগেই আমরা আরও ছয়টি চ্যানেল চালু করতে যাচ্ছি।’ এ সময় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন ধীরে ধীরে আজকের এই পর্যায়ে এসেছে। এই টেলিভিশনের অনুষ্ঠানগুলো ভিন্ন আঙ্গিকের। এখানে জনসংখ্যা সমস্যা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুকপ্রথা—এসব সমস্যা সংক্রান্ত অনুষ্ঠানের পাশাপাশি তথ্য, বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি—সব ধরনের অনুষ্ঠানই প্রচারিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে আমরা মিডিয়া হিসেবে অবদান রাখতে চাই। প্রতিষ্ঠাবর্ষিকীতে আমরা নতুন উদ্যমে কাজ করার অঙ্গীকার করছি।’