
নিউজ ডেস্কঃ হাড় কাপানো শীতে দরিদ্র-হতদরিদ্র শীতার্তদের বাড়ি বাড়ি ও সড়কের পাশে থাকা ছিন্নমুল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।রোববার (২৬ ডিসেম্বর) গভীর রাতে বাগেরহাট পৌরসভার কেবি বাজার, দড়াটানা ব্রিজ, বাসস্টান্ড, দশানী, মুনিগঞ্জ কাঠের পোল ও মাজার এলাকার ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুজ্জামান, বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার নূর-ই আলম সিদ্দিকি উপস্থিত ছিলেন।
এদিন দুই শতাধিক শীতার্ত দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।কনকনে শীতে কম্বল পেয়ে খুশি শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। শরীরে একটি মাত্র পাতলা কাপড় জড়িয়ে বাগেরহাট শহরের বিসিকের সামনের সড়কের ওপর শুয়ে থাকা ছিন্নমুল সেতারা বেগম বলেন, কোনোমতে কাপড় জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করি। কেউ নেই যে তার কাছে যাব। এখন ডিসি স্যার যে কম্বল দিলেন, তাতে শীত কাটবে। আমার একটি কাপড় প্রয়োজন। এ সময় কাপড় কেনার জন্য জেলা প্রশাসক ৫০০ টাকা দিলে তিনি (বৃদ্ধা সেতারা) তা নেননি। পরে জেলা প্রশাসক কাপড় কিনে দেওয়ার আশ্বাস দেন।