
নিউজ ডেস্কঃ করোনা মহামারির কারণে দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। নতুন বছরের ১১ থেকে ১৩ জানুয়ারি ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. জিল্লুর রহমান চৌধুরী। সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনার মাধ্যম ডিসি সম্মেলন। প্রতি বছর জুলাইয়ে এই আয়োজন করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে দুই বছর হয়নি।
সর্বশেষ ২০১৯ সালের ১৪-১৮ জুলাই ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ থেকে ৭ জানুয়ারি সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও সংক্রমণ পরিস্থিতি অবনতির হওয়ায় তা স্থগিত করা হয়। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ডিসি সম্মেলন উদ্বোধন করে থাকেন। ২০১৯ সালে ডিসি সম্মেলনে প্রথমবারের মতো প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধান, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা বৈঠক করেন।