
নিউজ ডেস্কঃ বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের অধীনে চালু হয়েছে ‘ঢাকা নগর পরিবহন’ সেবা। প্রাথমিক অবস্থায় ‘ঘাটারচর-কাঁচপুর’ রোডে এই সেবা চালু হয়েছে। ব্যস্ততম নগরী রাজধানী ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকা নগর পরিবহন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর এই রুটের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় সুশৃঙ্খলভাবে পরিচালনা হচ্ছে ঢাকা নগর পরিবহন। বিশেষ করে যাত্রী কম থাকলেও আলাদা কোনো চাপ নেই এই বাসের চালক এবং সহকারীদের মধ্যে। রাজধানীর সাইন্সল্যাব এলাকায় আব্দুল হালিম নামে এক যাত্রী বলেন, এই বাসে সব থেকে বেশি যে ব্যাপারটি ভালো লেগেছে তা হলো ভাড়া এবং টিকিট ব্যবস্থা।
সরকারিভাবে এই উদ্যোগ নেওয়ায় অন্য বাসের তুলনায় এই বাসের ভাড়া যথেষ্ট কম। আর টিকিট সিস্টেম থাকায় বাসে ওঠার সময় যে হুড়োহুড়ি লাগে, সেটিও নেই। টিকিট কেটে লাইন ধরে সবাই সু-শৃঙ্খলভাবে বাসে উঠছেন। পাঁচ মিনিট পরপর বাস আসায় দুটো বাস পরে একটা ফাকা বাস পেয়েছি। অন্যবাস সব স্টপেজে থামায়, ভাড়া নিয়ে বাকবিতণ্ডা করে। এটাতে তেমন দেখিনি বা হয়নি। এই বিষয়টা ভালো লেগেছে।