
নিউজ ডেস্কঃ হবিগঞ্জের লাখাই উপজেলার ছয় নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত দুইজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার হয়ে যাওয়া ইউপি নির্বাচনে বুল্লার ৭ নম্বর সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. আইয়ুব আলী। তার চেয়ে ৫৩ ভোট কম অর্থাৎ ৩২০ ভোট পেয়ে পরাজিত হন ফয়েজুর রহমান। ফল ঘোষণার পর থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল। পরে সোমবার রাতে বিজয় মিছিল বের করেন আইয়ুব আলীর সমর্থকেরা। এ সময় পরাজিত ফয়েজুর রহমানের সমর্থকদের সঙ্গে মিছিলকারীদের ঝগড়া হয় ও এক পর্যায়ে দু’ক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।