
নিউজ ডেস্কঃ বিশ্ব বাজারে টিকে থাকতে গবেষণার পাশাপাশি নিজস্ব ব্র্যান্ডিং সৃষ্টি করতে ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (০১ জানুয়ারি) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি। প্রথমবারের মতো নতুন ও স্থায়ী ঠিকানা ঢাকার অদূরে পূর্বাচলে শুরু হয়েছে মাসব্যাপী ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা পণ্যের গুণগত মান ধরে রেখে যেন বাজার ঠিক রাখতে পারেন, আরও উন্নত করতে পারেন, সেদিকে আপনারা অবশ্যই দৃষ্টি দেবেন। আর কোন পণ্যের কেমন চাহিদা, কোনটির মান কোন ক্ষেত্রে বাড়ানোর সুযোগ রয়েছে, সেদিকে দৃষ্টি দিতে হবে। অর্থাৎ নিজস্ব ব্র্যান্ডিং সৃষ্টি করে এগিয়ে যেতে হবে’। গবেষণার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি গবেষণাকে যথেষ্ট গুরুত্ব দেই। আমার মনে হয় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমাদের আরও গবেষণা দরকার। আমাদের পণ্যের চাহিদা এবং মান সেগুলো বিশেষভাবে নিরুপন করা এবং রপ্তানির ক্ষেত্রে পণ্যের মান ধরে রাখার বিষয়ে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প মালিক এবং উদ্যোক্তদের আমি অনুরোধ করবো আপনারা নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে’।