
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে চলমান সংলাপ একটি তামাশা মাত্র দাবি করে গণফোরামের একাংশের নেতারা বলেছেন, ‘এই সংলাপের মাধ্যমে কাঙ্ক্ষিত নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে না।’ শনিবার (০১জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব কথা বলেন। রাষ্ট্রপতির সঙ্গে চলমান সংলাপ বিষয়ে গণফোরামের বক্তব্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি আজ এক যুগসন্ধিক্ষণে। এই ক্রান্তিকালীন সময়ে মৌলিক প্রশ্ন উঠেছে, ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত যে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত রাষ্ট্র ও সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আজ কোথায়? গণতন্ত্র নিখোঁজ। সাম্প্রদায়িক অপশক্তি ফণা তুলেছে। শোষণ, দুর্নীতি ও বৈষম্য বাংলাদেশকে গ্রাস করেছে। মানবাধিকার নেই, জনগণের সরকার নেই।