
নিউজ ডেস্কঃ নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। মঙ্গলবার (০৪ জানুয়ারি) ভোরে নরসিংদী সদর থানার ব্রাহ্মণপাড়া ও উত্তর নাগরিয়াকান্দি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার তৌহিদুল মবিন খান। আটকরা হলো- নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়া মহল্লার মো. হারুন মিয়ার ছেলে প্রিন্স আহমেদ (২২), মৃত হবিল মিয়ার ছেলে আসিফ মিয়া (২১) ও ব্রাহ্মণপাড়া (ঘোষপাড়া) এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে খায়রুল আহমেদ (২০)। র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটকের জন্য র্যাবের একটি দল নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ সন্ত্রাসী হারুন ও খায়রুলকে আটক করা হয়। অপরদিকে উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলভারসহ সন্ত্রাসী আসিফ মিয়াকে আটক করা হয়।