
নিউজ ডেস্কঃ শরীয়তপুরে প্রথমবারের মতো তেল-গ্যাস অনুসন্ধানে কূপখনন শুরু করেছে বাংলাদেশ পেট্টোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড (বাপেক্স)। জমি অধিগ্রহণের পর দুই বছরের অনুসন্ধানের জন্য তৈরি হচ্ছে রাস্তাঘাট-কালভার্ট। স্থানীয়রা বলছেন, গ্যাস পাওয়া গেলে এলাকার জীবনমান পাল্টে যাবে। আর পাওয়া না গেলেও এলাকার অবকাঠামোগত উন্নয়ন হবে, সেটা তো থেকেই যাবে এলাকায়।
যদি গ্যাসের মজুত নিশ্চিত হয়, তখন উত্তোলনের কাজ করবে বাপেক্স।
এদিকে, এবছরই খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতুর সড়ক পথ। অন্যদিকে, গ্যাস উত্তোলন সম্ভব হলে পাল্টে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট। বাপেক্স ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ সালে শরীয়তপুরের মেঘনা নদীর তীর থেকে খুলনা পর্যন্ত এলাকাজুড়ে দ্বিমাত্রিক সিসমিক জরিপ হয়। জরিপে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়। চলে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা। পরে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তৈরি করা হয় ৯৫ কোটি টাকা ব্যয়ে দেড় বছর মেয়াদে ‘শরীয়তপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প-১’।