
নিউজ ডেস্কঃ রাজধানীর কলাবাগান ও কাঁটাবন এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অভিযোগে দুই রেস্তোরাঁকে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। রোববার (৯ জানুয়ারি) ডিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে এই দুই রেস্তোরাঁয় অভিযান চালন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ।
তিনি জানান, অভিযানকালে নিবন্ধন দেখাতে না পারা, প্রস্তুতকৃত দই ও ফিরনিতে লেবেল না লাগানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে কলাবাগান এলাকায় আলম রেস্তোরাকে ১ লাখ ২৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে কাঁটাবন এলাকায় অষ্ট ব্যঞ্জন রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। শাহবাগ থানা পুলিশ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ডিএমপির এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।