
নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন চার যাত্রী। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দিকশাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে বাবলু হোসেন (২৫)। অটোরিকশাচালকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত যাত্রীরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামের মুনছুর আলীর ছেলে শাহিন আলম (৩০) আমির প্রমাণিকের ছেলে মহরম প্রমাণিক (৫০), ঈশ্বরদী পৌর এলাকার আমবাগান মহল্লার আনছার আলীর স্ত্রী ডলি বেগম (৫৫) ও হানিফ আলীর স্ত্রী আনোয়ারা বেগম।