
নিউজ ডেস্কঃ চলতি বছর ৫ অক্টোবর বাংলাদেশ ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার থাই দূতাবাস বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। দুই দেশের মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব বাড়াতে ঢাকার থাই দূতাবাস জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ করবে। মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকার থাই দূতাবাস এ তথ্য জানিয়েছে। থাইল্যান্ডের রাজা মাহাভাজিরালংক্রনের ১৯৯২ সালে বাংলাদেশ সফরের ৩০তম বার্ষিকী উদযাপন এবং মহারাজা ভূমিবল আদুলিয়াদে ও মহারানি সিরিকিতের ঢাকা ও চট্টগ্রাম সফরের ৬০তম বার্ষিকী উপলক্ষে থাই দূতাবাস এ বছরের জানুয়ারি ও মার্চ মাসে দুইটি নিবন্ধ প্রকাশ করতে যাচ্ছে।ঢাকায় নিযুক্ত থাই দূতাবাস ব্যাংককে রাজকীয় সংরক্ষণাগারে সংরক্ষিত তৎকালীন পরিদর্শনের স্থিরচিত্র প্রদর্শনের জন্য রাজার দরবার থেকে অনুমতি পাওয়ায় অত্যন্ত গর্বিত। উল্লেখিত নিবন্ধগুলো ও স্থিরচিত্রগুলো থাই ও বাংলাদেশি উভয় গণমাধ্যমে প্রকাশিত হবে।