
নিউজ ডেস্কঃ পৌষ মাস প্রায় শেষ হতে চললো। তিনদিন বাদেই মাঘ মাস। এই সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিপাতের প্রবণতা কাটলেই জেঁকে বসতে পারে শীত। পৌষে এবার তেমন শৈত্য প্রবাহ বয়ে যায়নি। তবে মাঘ মাসে তাপমাত্রা নেমে আসতে পারে ৪ থেকে ৬ ডিগ্রিতে। আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ জানিয়েছেন, বৃষ্টির কারণে বর্তমানে দিন ও রাতের তাপমাত্রা দু’টোই বেড়েছে। ফলে শীতের অনুভূতিও কমে এসেছে। তবে বৃষ্টিপাত কেটে গেলে ফের কমতে থাকবে তাপমাত্রা। মঙ্গলবার (১১ জানুয়ারি) দিনভর দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। তবে সন্ধ্যা পর থেকে রাজধানী ও তার আশেপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতও হয়েছে। তবে বৃষ্টিপাতের কারণে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি রাজধানীবাসীকে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছুকিছু জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডি.গ্রি. সেলসিয়াস কমতে পারে। ঢাকায় এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কি.মি.। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় রাতের তাপমাত্রা হ্রাস পাবে।