
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিদায়ী সাক্ষাৎ করেছেন। বুধবার (১২ জানুয়ারি) বিকেলে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, কোভিড-১৯ ভ্যাকসিন পরিস্থিতি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্পিকার বলেন, বাংলাদেশ সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে আসছে। এই সুসম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে পরস্পর উত্তম সংসদীয় চর্চা সম্পর্কে ধারণা নিতে পারে। এ সময় তিনি সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ কার্যক্রম সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।