
নিউজ ডেস্কঃ পরিবেশ অধিদফতরের আইন না মেনে সাভারে অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ইটভাটাগুলো যেন পরবর্তী সময়ে পরিচালনা করতে না পারে সেজন্য কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় পরিবেশ অধিদফতর।এরআগে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের নামা গেন্ডা ও বিরুলিয়া ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদফতর জানায়, রাজধানীর পাশে সাভারে বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় দীর্ঘদিন ধরে ইট পোড়ানো হচ্ছে। পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে আজ অভিযান পরিচালনা করে মেসার্স কর্ণফুলী ব্রিকসকে নগদ ৫ লাখ, মেসার্স এখলাছ ব্রিকসকে ২০ লাখ, মেসার্স মুধুমতি ব্রিকসকে ৫ লাখ ও মেসার্স ফিরোজ ব্রিকসকে ৬ লাখ, বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার মেসার্স মাহিন ব্রিকসকে ২০ লাখ ও মেসার্স রিপন ব্রিকসকে ৬ লাখ টাকাসহ সর্বমোট ৬২ লক্ষ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় একজনকে আটক করা হয়। পরে জরিমানা আদায় হলে তাকে ছেড়ে দেওয়া হয়।