News71.com
 Bangladesh
 13 Jan 22, 06:51 PM
 265           
 0
 13 Jan 22, 06:51 PM

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের অনুরোধ জানালেন পররাষ্ট্রমন্ত্রী॥

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের অনুরোধ জানালেন পররাষ্ট্রমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা খাতে আরও দক্ষ কর্মী নিয়োগের জন্য অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে টেলিফোন আলাপে এ অনুরোধ করেন তিনি। টেলিফোনে দুই পররাষ্ট্রমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও নিজ নিজ দেশের মহামারি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলাপকালে ড. মোমেন দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করে উল্লেখ করেন, বাংলাদেশ সিঙ্গাপুরকে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচনা করে।

দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণে প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন। টেলিফোনে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তা দেওয়ার জন্য সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন রোহিঙ্গা সঙ্কটের একটি টেকসই ও স্থায়ী সমাধান আনতে সিঙ্গাপুর ও আসিয়ানের সক্রিয় ভূমিকা কামনা করেন, যেন তাদের দ্রুত স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা যায়। এ সময় ড. ভিভিয়ান আশ্বস্ত করেন, এ সংকটের একটি টেকসই সমাধানে সিঙ্গাপুর অব্যাহতভাবে নিযুক্ত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন