
নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দু'জনের মৃত্যু হয়েছে। দু'জনের বয়সই ষাটোর্ধ। বুধবার (১২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া বর্তমানে নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৭ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের দৈনন্দিন প্রতিবেদন সূত্রে জানা যায়, মৃত দু'জনই করোনা উপসর্গে ভুগছিলেন। পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তারা দু'জনই পাবনা জেলার অধিবাসী। এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ।
এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটের ১০৪ শয্যার বিপরীতে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৬ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন চারজন। মোট ভর্তি রোগীর মধ্যে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর তিনজন, নাটোরের দুইজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার একজন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে রয়েছেন। এরমধ্যে করোনা রোগী রয়েছেন নয়জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। আর করোনা ধরা পড়লে বিভিন্ন জটিলতা ভর্তি আছেন ছয় জনের।