
নিউজ ডেস্কঃ হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ৮টা থেকে উপাচার্য ভবনের সামনে জড়ো হতে শুরু করেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীরা। রাত দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে রয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগে থেকেই হল কর্তৃপক্ষের কাছে ডাবলিং নিষিদ্ধ করা, গণরুম না রাখা, অভিভাবকদের প্রবেশের অনুমতি দেওয়া, খাবারের মান উন্নত করাসহ বেশ কিছু দাবি উত্থাপন করে আসছিলেন তারা।
এদিন হল প্রভোস্ট জাফরিন আহমেদকে দাবির বিষয়ে ফোন দিলে তিনি শিক্ষার্থীদের বলেন ‘হল থেকে বেরিয়ে হয়ে যাও। কোথায় যাবা তোমরা? আমার ঠেকা পড়েনি।’ তার ক্ষুব্ধ বক্তব্যের প্রতিক্রিয়ায় উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন হলের শিক্ষার্থীরা। এ সময় হল প্রভোস্টের পদত্যাগ ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।