
নিউজ ডেস্কঃ করোনার টিকা নেওয়ার পর সীমান্ত ঘুরতে গিয়ে ভুল করে ভারতে ঢুকে পড়েছে বাংলাদেশি দুই কিশোর। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর সীমান্তে এ ঘটনা ঘটে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয় তারা। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনুরোধে ওই দুই কিশোরকে ছেড়ে দেয় বিএসএফ। রোববার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টায় হিলি শুন্য রেখার ২৮৫ মেইন পিলারের ১০ সাব পিলারের স্থান দিয়ে তারা ভারত সীমান্তে ঢুকে পড়লে বিএসএফের হাতে আটক হয়। পরে বিকেল সাড়ে ৫টায় বিজিবির অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়। ওই দুই কিশোর হলো দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মনসাপুর গ্রামের আরমান আলীর ছেলে আরাফাত হোসেন শান্ত (১৫) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (১৩)। ওই দুই কিশোর উপজেলার আলীহাট গাজী আমেনিয়া দাখিল মাদরাসার ছাত্র।