
নিউজ ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আলোচিত হযরতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনা তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান ও নির্বাচনে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন আয়নালের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৯ জানুয়ারি) এই আদেশ প্রধান করে বিচারপতি মো. খায়রুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসাইন তালুকদার এর ব্যাঞ্চ।
এর আগে গত ২৮ নভেম্বর ২০২১ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেরানীগঞ্জের ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আটটি ইউনিয়নে বিনা ভোটে এবং দু'টি ইউনিয়নে সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেও নানা অনিয়ম ও ত্রুটিপূর্ণ ভোটের কারণে হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণা করা হয়নি। প্রায় দুই মাস দুই প্রার্থীর নির্বাচন কমিশন, উপজেলা নির্বাচন অফিস ও কোর্টকাছারিতে দৌড়ঝাঁপের পর ১৯ জানুয়ারি পুনরায় ভোট গণনার কথা ছিলো কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে। উপস্থিতও হয়েছিলেন দুই প্রার্থীসহ তাদের কর্মীসমর্থকরা। কিন্তু হঠাৎ হযরতপুর ইউনিয়নের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা তইবুর রহমান ঘোষণা দেন আনোয়ার হোসেন আয়নালের রিটের পরিপ্রেক্ষিতে তিন মাসের জন্য ভোট গণনা স্থগিত করেছে হাইকোর্ট। তাই আজকে ভোট গণনা হচ্ছে না।