
নিউজ ডেস্কঃ তুরস্কের নাগরিক হাকান জানবুরকান এটিএম কার্ড ক্লোনিং স্ক্যামিং চক্রের অন্যতম মাস্টার মাইন্ড। তিনি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে এটিএম কার্ড ক্লোন করে বুথ থেকে টাকা হাতিয়ে নিতেন। ২০১৯ সালে ভারতের আসাম রাজ্যে গ্রেফতার হন হাকান। প্রায় ২০ মাস সেখানকার জেলে থাকার পর পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কৌশলে পালিয়ে যান। ভারতীয় এক ব্যক্তির সহায়তায় নেপাল হয়ে নিজ দেশে ফেরেন তিনি।
গত ডিসেম্বরে বাংলাদেশে এসে বিভিন্ন এটিএম কার্ড ক্লোন করে অর্থ উত্তোলনের চেষ্টা করেন হাকান। মঙ্গলবার ঢাকার গুলশান এলাকা থেকে এক সহযোগীসহ হাকানকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতার অপরজন হলেন বাংলাদেশের নাগরিক মফিউল ইসলাম। এ সময় তাদের হেফাজত থেকে ৫টি মোবাইল, ১টি ল্যাপটপ, ১৫টি ক্লোন কার্ডসহ মোট ১৭টি কার্ড জব্দ করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।