
নিউজ ডেস্কঃ আলোচিত বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর করা একটি মামলার তদন্ত কাজ ছয় বছরেও শেষ করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ওই মামলার আসামি বেসিক ব্যাংকের শান্তিনগর শাখার তৎকালীন ম্যানেজার মোহাম্মদ আলী চৌধুরীর জামিনের রায়ে এমন মন্তব্য করেন হাইকোর্ট।
গত বছরের ১৪ মার্চ ওই রায় দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। সম্প্রতি এই রায় প্রকাশিত হয়েছে। বেসিক ব্যাংকের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় অন্তত ৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে এটি একটি। আদালতে আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী মো. সগির হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।