
নিউজ ডেস্কঃ সরকারি দায়িত্ব পালন করছিলেন একদল পুলিশ সদস্য। আচমকা সেখানে এক যুবকের উপস্থিতি ও পুলিশকে সালাম দেওয়ার পর ঘটল আলোচিত এক ঘটনা। যুবকটির দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা পাওয়ায় ৪ মাসের জন্য তাকে পাঠানো হয়েছে কারাগারে। ঘটনাটি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। যুবকের নাম রিপন মিয়া। তিনি উপজেলা সদরের মাইজের মহল্লার সইফ উল্লার ছেলে। ভ্রাম্যমাণ আদালতে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য চার নম্বর ইউনিয়নের পাশে সরকারি দায়িত্ব পালন করছিলেন। এ সময় রিপন এসে পুলিশ সদস্যদের সালাম দেয় ও তাদের সঙ্গে কুশল বিনিময় করতে চায়। তবে তার আচরণ সন্দেহজনক হওয়ায় দেহ তল্লাশি করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও কিছু গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মির ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০০৯ এর ৯ ধারা অমান্য করায় আইনটির ৩৬ (১১) ধারা অনুযায়ী রিপনকে এ সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা। রিপন একজন মাদক সেবনকারী বলেও জানান তিনি।