
নিউজ ডেস্কঃ জাতির মনোভাব বুঝে জিয়াউর রহমানের মতো সঠিক পথে থাকতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমাদের ‘ডু অর ডাই’ আন্দোলন করতে হবে। কেবল তাহলেই দেশে গণতন্ত্র ফিরবে, ভোটাধিকার প্রতিষ্ঠা করা যাবে। বৃহস্পতিবার (২০জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের মনোভাব বুঝে সঠিক পথে থাকলে আন্দোলনে সফলতা আসবেই। আমাদের ভয় পেলে চলবে না। মনে রাখতে হবে, অসুখ হলে ওষুধ খেলে সারে। কিন্তু ভয় পেলে ওষুধে কাজ করে না। শারীরিক শক্তি বৃদ্ধিতেও ওষুধ পাওয়া যায়। কিন্ত সাহস বৃদ্ধিতে বাজারে ওষুধ পাওয়া যায় না। তিনি বলেন, জিয়াউর রহমানের তুলনা কেবল জিয়াউর রহমানই। কাউকে ছোট করে অন্যকে বড় করা যায় না। এই কাজটি আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের পুঁজি হচ্ছে অন্যকে গালি দেওয়া, ছোট করা। এই সমালোচনাকেও জিয়াউর রহমান বলতেন- এটা গণতন্ত্রের সৌন্দর্য। তিনি সব সময় দেশের মানুষের মনোভাব বুঝে কাজ করতেন। এ কারণেই জিয়াউর রহমান এত জনপ্রিয়।