
নিউজ ডেস্কঃ পূর্ব শত্রুতা ও ঝগড়াকে কেন্দ্র করে নরসিংদীর মাধবদীতে দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) বিকেলে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের মাটিয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নুরালাপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাজারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গুলিবিদ্ধ ওই যুবকের নাম মেহেদি হাসান (২৫)। তিনি মাটিয়াল কান্দা গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন রশিদ ওরফে হারুন মেম্বারের ছেলে। এ ঘটনায় মেহেদির বাবা হারুন রশিদও গুরুতর আহত হন। বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, নুরালাপুর ইউনিয়নের মাটিয়ালকান্দা ও শ্যামতলী গ্রামের মধ্যে একটি ঈদগাঁহ মাঠ নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। ২০১৭ সালের একটি সংঘর্ষের ঘটনায় দুই গ্রামবাসী পাল্টা পাল্টি থানায় মামলা দায়ের করেন। শ্যামতলী গ্রামের দায়ের করা মামলায় আসামি ছিলেন- নুরালাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান ভূঞা, তার ভাই আকবর, নাসির, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হারুন মেম্বারর তার ভাই আজহারের নামে মামলা করা হয়। মামলায় আসামির তালিকা থেকে সাদেকুর ও তার ভাইদের নাম বাদ গেলে ও নাম থেকে যায় হারুন ও তার ভাই আজহারের। পরে চেয়ারম্যানের মাধ্যমে মামলার দুই পক্ষই আপোষে যায়। এরপর নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেনের কারণে বেধে যায় সাদেকুর রহমান ও হারুন মেম্বারের মধ্যে। দু’পক্ষই মামলার নিষ্পত্তি ও আপোষনামা নিয়ে গরমিল হচ্ছিলো গত কয়েকদিন ধরে।