
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি গঠিত ছয় সদস্যের সার্চ কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের নিয়োগের বিধান রেখে জাতীয় সংসদে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ উপস্থাপন করা হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিলটি উপস্থাপন করেন। এরপর বিলটি পরীক্ষা করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
এর আগে গত ১৭ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এই বিলের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগে সংবিধানে আইনের কথা বলা থাকলেও দীর্ঘ ৫০ বছর এই আইন করা হয়নি। এই প্রেক্ষাপটে আইন প্রণয়নে এ বিলটি সংসদে তোলা হয়েছে। এ বিলে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্যতার পাশাপাশি সার্চ কমিটি গঠনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে ইতোপূর্বে সার্চ কমিটির মাধ্যমে ইসি নিয়োগের বৈধতা দেওয়া হয়েছে। বিলে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশ্যে রাষ্ট্রপতি কর্তৃক ইতঃপূর্বে গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির ও তৎকর্তৃক সম্পাদিত কার্যাবলী এবং উক্ত অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারের নিয়োগ বৈধ ছিল বলিয়া গণ্য হইবে এবং উক্ত বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না।