
নিউজ ডেস্কঃ রাজধানীর রামপুরা ওয়াপদা রোডে বিদ্যুতের ঢাকা পাওয়ার হাউজ ডিস্ট্রিবিউশন কোম্পানি সাব স্টেশন ভবনে বিকট আওয়াজের পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা পাঁচটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সোমবার (২৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়।
আগুন লাগার কারণে রামপুরা ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয়রা জানান, সকালে হঠাৎ সাব স্টেশন ভবনে বিকট আওয়াজে হয়। এরপর ওই ভবনের ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে শুরু হয়। এতে এলাকাবাসী আতঙ্কে ও পাশের মসজিদ মাদরাসার ছাত্ররা রাস্তায় বেরিয়ে আসে। খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানান, ওয়াপদা রোডের শেষ মাথায় পাওয়ার হাউজের সাব-স্টেশন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।