
নিউজ ডেস্কঃ রাজধানীর কামরাঙ্গীরচরে নিজের জন্মদিনের পার্টিতে অসুস্থ হয়ে সুইটি আক্তার মম (১৫) নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। মেয়েটির পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে যে জন্মদিনের পার্টিতে তাকে জোর করে জুসের সঙ্গে মিশিয়ে অ্যালকোহল জাতীয় কিছু পান করানোয় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি জানান, সুইটি তার বাবা-মায়ের সঙ্গে কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো। তার বাবার নাম মাহবুব, মা পারভীন। সুইটি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তিনি বলেন, পরিবারের থেকে আমরা জানতে পেরেছি, গত শুক্রবার (২১ জানুয়ারি) সুইটির জন্মদিন ছিল। অন্য এক জায়গায় বন্ধুরা তাকে নিয়ে জন্মদিনের পার্টি করে। সেখানে বন্ধুরা তাকে জোর করে জুসের সঙ্গে অ্যালকোহল জাতীয় কিছু পান করিয়ে দেয়। এরপর সে অসুস্থ হয়ে পড়ে। শনিবার দিনভর তাকে তেঁতুল খাওয়ানোর পর সুস্থ হয়নি। পরে বেশি অসুস্থ হয়ে পড়ায় রোববার ভোরে সুইটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।