
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন ঢাকার ওমান দূতাবাসের নতুন চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশি। রোববার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে গিয়ে তিনি তার পরিচয়পত্র পেশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বাংলাদেশে ওমানের নতুন সিডিএকে অভিনন্দন জানান। তিনি তার চিঠি গ্রহণ করেন। দ্রুত একজন উচ্চ যোগ্য কূটনীতিককে সিডিএ হিসেবে পাঠানোর জন্য ওমানি সরকারকে ধন্যবাদ জানান তিনি। সিডিএ ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে প্রশংসার সঙ্গে স্মরণ করেন। তিনি জনগণের জীবনমান ও দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ভূমিকারও প্রশংসা করেন।