
নিউজ ডেস্কঃ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনে ব্রিটিশ সরকার ও পার্লামেন্টকে চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান। রোববার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
ইউকে কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য টমাস প্যাট্রিক হান্ট এবং পল ব্রিস্টোসহ প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। বৈঠকে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল ব্রেক্সিট-পরবর্তী প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন। তারা ব্রিটিশ-বাংলাদেশের প্রবাসীরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় এবং সেইসাথে তাদের আদি বা পূর্বপুরুষের দেশে বহুমাত্রিক অবদানের জন্য তাদের প্রশংসা করেন।