
নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমের গ্রাহকদের ফষ্টারপেমেন্ট গেটওয়ের কাছে আটকে থাকা টাকা ফেরত দেবে সরকার। আগামীকাল ২০ জন গ্রাহকে টাকা ফেরত দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। রোববার (২৩ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফষ্টারপেমেন্ট গেটওয়ের কাছে কিউকম ডটকমের গ্রাহকের আটকে থাকা টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। টাকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ক্লিয়ারেন্স অনুযায়ী কিউকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রমটি শুরু হবে। প্রথমে ২০ জনকে টাকা ফেরতের আনুষ্ঠানিকতার পরই বাকি ৬ হাজার ৭০১ জনের টাকা ফেরতের কার্যক্রম শুরু হবে। বাকিদের টাকা তালিকা অনুযায়ী পরিশোধ করা হবে।