
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যবিধি মানা এবং মানুষকে মাস্ক পরাতে ঘোষণা দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আমরা মানুষকে অবহিত করে বলব—আপানারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে মাস্ক পরে বাইরে আসতে হবে। আমাদের অ্যানাউন্সমেন্টে বলা হবে, আপানারা মাস্ক পরেন। একটা ডেট দেওয়া হবে যে, আগামীকাল থেকে মোবাইল কোর্ট নামবে। তাই আগে থেকে সতর্ক করে দিয়েই কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ফরহাদ হোসেন বলেন, আমাদের উদ্দেশ্য সবাই মাস্ক পরুক। এই সময়টা আমরা অতিক্রম করতে চাই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগামী ফেব্রুয়ারির মধ্য নাগাদ এটি বাড়তে থাকবে। সবাইকে সচেতন হতে হবে। আমরা চাই—এই তৃতীয় ঢেউ থেকে যেন খুব তাড়াতাড়ি উত্তরণ করতে পারি। সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে তৃতীয় ঢেউ মোকাবিলা করতে হবে।