
নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে জমিতে ইরি-বোরো ধানের চারা রোপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০জন আহত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ায় আব্দুর রউফ নিস্তার ও মোনায়েম উদ্দিন প্রামানিকের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে ৭ জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মোনায়েম উদ্দিন প্রামানিক (৫০), মমতাজ বেগম (৪০), মিলি খাতুন (২৭), রুকাইয়া আক্তার মিতু (২৩), রিয়াজুল হাসান মিনার (১৬), মিলন প্রামানিককে (৪১) ও আব্দুর রউফ ওরফে নিস্তার (৬৫)। জানা গেছে, জমিজমা নিয়ে এ সংঘর্ষের ঘটনা জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক লক্ষী নারায়ণ বর্মণ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।