News71.com
 Bangladesh
 26 Jan 22, 12:23 AM
 170           
 0
 26 Jan 22, 12:23 AM

নির্মিত হচ্ছে ১৭ আঞ্চলিক পাসপোর্ট অফিস।।

নির্মিত হচ্ছে ১৭ আঞ্চলিক পাসপোর্ট অফিস।।

নিউজ ডেস্কঃ ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ ও ৪টি পাসপোর্ট অফিস ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২১টি জেলা সদরে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় আরও ৯টি প্রকল্পের সঙ্গে সংশোধিত এই প্রকল্পটিরও অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮৭ কোটি টাকা ব্যয়ে জুলাই ২০১৮ থেকে জুন ২০২১ মেয়াদকালে মূল প্রকল্পটি নেওয়া হয়েছিল। প্রথম সংশোধনে প্রকল্পটিতে ৪১ কোটি ৪০ লাখ টাকা খরচ বাড়িয়ে মোট প্রকল্প ব্যয় ১২৮ কোটি ৪০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ডিসেম্বর ২০২২ পর্যন্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তর ২১টি জেলা সদরে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন