
নিউজ ডেস্কঃ গত ২১ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর কাফরুল থানায় ও রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি দায়ের করে ডিবি গুলশান বিভাগ। এক মামলায় ছয়জন ও আরেকটিতে আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের এসআই (নিরস্ত্র) মো. আ. হান্নান বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা (নম্বর-৩১) দায়ের করেন। এ মামলায় আসামিরা হলেন- মো. নোমান সিদ্দিকী, মাহমুদুল হাসান আজাদ, নাইমুর রহমান তানজির, শহিউল্লাহ, ফারুক ও রায়হান। এ মামলায় অভিযোগ করা হয়েছে তারা পরস্পর যোগসাজশে পরীক্ষার্থী সংগ্রহপূর্বক ইলেক্ট্রনিক ডিভাইস ও মোবাইল অ্যাপসের মাধ্যমে নিয়োগ প্রার্থীদের পরীক্ষার হলে অবৈধভাবে এবং অর্থের বিনিময়ে প্রশ্নের উত্তর সরবরাহ করে পরীক্ষা পদ্ধতিতে অনিয়ম দুর্নীতি ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ণ করেছেন। ফাঁসকৃত প্রশ্নের সঙ্গে অনুষ্ঠিত প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।